রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নতুন কোয়ালিটি অফ সার্ভিস নীতিমালা অনুমোদন করেছে বিটিআরসি
নতুন কোয়ালিটি অফ সার্ভিস নীতিমালা অনুমোদন করেছে বিটিআরসি
মোহাম্মদ কাওছার উদ্দীন
বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মানের জন্য বিশেষজ্ঞদের পরামর্শে একটি নতুন কোয়ালিটি অফ সার্ভিস (কিউওএস) বেঞ্চমার্ক নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিটিআরসি কমিশন মিটিংয়ে মোবাইল অপারেটর, এনটটিএন এবং আইএসপি সেবাদাতাদের জন্য এই নীতিমালা পাশ হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
নতুন এই কিউওএস নীতিমালা মতে ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে। তদারকি বাড়াতে বিটিআরসি প্রতি মাসে আগের মাসের নেটওয়ার্ক পারফর্মেন্স এবং হেলথ চেক করবে যা সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে।
নীতিমালায় কমানো হয়েছে কলড্রপের সর্বনিম্ন হার, বাড়ানো হয়েছে সেবার বিভিন্ন মানদন্ড সূচক। এসব মানদন্ডে অপারেটরদের বাধ্যতামূলকভাবে মাসিক প্রতিবেদন দাখিল করতে হবে। শিগগির এ হালনাগাদ নির্দেশিকা জারি করা হবে।
যা আছে সংশোধিত এই কিউওএসে: নেটওয়ার্ক লেভেল পর্যায়ে কল সেটাপ সাকসেস রেটের হার অন্তত ৯৯% হতে হবে, আর জেলা ও উপজেলা পর্যায় তা ৯৮%; কলড্রপের হার টুজি নেটওয়ার্কে সর্বোচ্চ ১% এবং উপজেলা পর্যায়ে ১.৫% এর মধ্যে সীমিত রাখতে হবে; ডেটা সেবায় ফোরজি সংযোগ সফলতার হার ৯৯% এবং জেলা পর্যায়ে ৯৮.৫% থাকতে হবে; গড় ব্যবহারকারী ডাউনলোড গতি নেটওয়ার্ক পর্যায়ে কমপক্ষে ৩.৫ এমবিপিএস এবং জেলা পর্যায়ে ২.৫ এমবিপিএস হতে হবে; ড্রাইভ টেস্টে ভয়েস সেবায় কল সেটআপ সাফল্যের হার ৯৮% বা তার বেশি, কলড্রপ (অটোমোড) ২% এর মধ্যে এবং ভোল্টি (ভয়েস ওভার এলটিই প্রযুক্তি)-এর জন্য গড় ব্যবহারকারী মান সূচক নূন্যতম ৩.৫ হতে হবে; ডেটা সেবায় ডাউনলোড স্পিড সর্বনিম্ন ১০ এমবিপিএস এবং আপলোড ২ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে।
সেবার ান তদারকিতে মাসিক রিপোর্টিং: নতুন নির্দেশনা অনুযায়ী অপারেটরদের এখন থেকে প্রতি মাসে তাদের নেটওয়ার্কের মান সংক্রান্ত মূল সূচক (কেপিআই ) জমা দিতে হবে। এসব সূচক মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে- অ্যাক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি ও নেটওয়ার্ক ইন্টিগ্রিটি।
অ্যাক্সেসিবিলিটি (নেটওয়ার্কে প্রবেশ ও কল সেটআপ): এই সূচকগুলোর মাধ্যমে বোঝা যাবে গ্রাহকরা কতটা সফলভাবে নেটওয়ার্কে প্রবেশ করতে পারছেন এবং কল সেটআপ হচ্ছে। এর মধ্যে রয়েছে কল সেটআপ সাকসেস রেট (টুজি ও ফোরজি-ভোল্টি), পেজিং সাকসেস রেট, আর ইআরএবি সেটআপ সাকসেস রেট। এছাড়া, যেখানে এই হার ৯০% বা ৭০% এর নিচে নেমে আসে, সেইসব খারাপ সেলগুলো আলাদা করে চিহ্নিত করতে হবে।
রিটেইনেবিলিটি (সংযোগ ধরে রাখার সক্ষমতা): এই সূচকগুলোতে দেখা হবে কল বা ডেটা সেশন শুরু হওয়ার পর তা কতটা স্থিতিশীল থাকে। এর মধ্যে রয়েছে কলড্রপ রেট (২জি ও ৪জি), ভোল্টি অস্বাভাবিক বিচ্ছিন্নতার হার, এলটিই নন-রিটেইনেবিলিটি, এসআরভিসিসি সাকসেস রেট এবং হ্যান্ডওভার সাকসেস রেট।
নেটওয়ার্ক ইন্টিগ্রিটি (নেটওয়ার্কের সার্বিক দক্ষতা-ক্ষমতা): এখানে দেখা হবে নেটওয়ার্ক অবকাঠামো কতটা কার্যকরভাবে কাজ করছে। এর মধ্যে রয়েছ প্রতি বেস স্টেশনে এলটিই পিআরবি (ফোরজি রেডিও নেটওয়ার্ক রিসোর্স) ব্যবহারের হার, ব্যবহারকারীর আপলিঙ্ক থ্রুপুট (এমবিপিএস) এবং সিকিউআই/আরএসআরকিউ মান অনুযায়ী ‘খারাপ স্যাম্পল’-এর শতকরা হার।
পাশাপাশি, সবচেয়ে খারাপ পারফর্ম করা ৫০টি সেলের আলাদা তালিকা জমা দিতে হবে, যেখানে অ্যাক্সেসিবিলিটি ও রিটেইনেবিলিটি সূচক দুর্বল।
সংশোধিত এই কিউওএস ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনি এবং এনটিটিএনদের জন্য করা হয়েছে। ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনিতে ফিক্সড টেলিফোন সেবায় কলড্রপ ১% এর মধ্যে, কল সেটআপ সাফল্যের হার ৯৯%-এর বেশি এবংকল সংযোগ সময় ৬ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
এখানে ইন্টারনেট সেবায় লোকাল ট্র্যাফিকের সংযোগ সময় সর্বোচ্চ ২৫ এমএস, ডেটা হারানোর হার ১%-এর মধ্যে এবং নেটওয়ার্কের প্রাপ্যতা ৯৯% বা তার বেশি হতে হবে। গ্রাহকের প্রান্তে ডাউনলোড-আপলোড স্পিড সাবস্ক্রাইব করা গতির অন্তত ৯৫% নিশ্চিত করতে হবে।
এনটিটিএন অপারেটরদের ক্ষেত্রে ডেটা হারানো সর্বোচ্চ ০.০১%, ল্যাটেন্সি ৫ এমএস এবং সংযোগের জিটার ৩ এমএসের এর মধ্যে রাখতে হবে। ফাইবার নেটওয়ার্কে সেবার সমস্যা মেট্রো (মহানগর) এলাকায় ৪ ঘণ্টা এবং গ্রামীণ এলাকায় ৬ ঘণ্টার মধ্যে সমাধান করতে হবে।
এই কিইওএস অনুযায়ী গ্রাহক অভিযোগ সমাধানে কঠোর মানদন্ড নির্ধারণ করেছে বিটিআরসি। নেটওয়ার্ক-সম্পর্কিত নয় এমন অভিযোগ ২৮ দিনের মধ্যে শতভাগ সমাধান করতে হবে। এছাড়া গ্রাহকসেবা সেন্টারে আসা ৯০% কল ৪০ সেকেন্ডের মধ্যে এবং সব কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন