রবিবার ● ২৮ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতা জোরদার এবং উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে সাইবার নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট ২০২৬ সমাপ্ত হয়েছে। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামে।
‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমাজিং ইকোনমিস’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সামিটের মূল সম্মেলনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সহনশীলতা, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা, গবেষণা ও নীতিগত সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সম্প্রতি চীন সফরে প্রযুক্তি বিষয়ে দেশটির নীতিনির্ধারকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে সরকার কাজ করছে। আমাদের দেশের জনসংখ্যার বড় অংশ তরুণ, যা আমাদের জন্য বড় সুযোগ। এই আয়োজন প্রমাণ করেছে যে আমাদের তরুণদের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে।
দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষণা কর্মকর্তা এএসএম শামীম রেজা বলেন, ফিনিক্স সামিট ঢাকা ২০২৬ বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার একটি যৌথ উদ্যোগ। দেশ-বিদেশের অংশগ্রহণকারীদের উপস্থিতি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এই সম্মেলনে জ্ঞান-বিনিময় ও সহযোগিতার যে সুযোগ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে দেশের ডিজিটাল নিরাপত্তা ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের অন্যতম সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি), ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় এ আয়োজনের উদ্যোগ নেয়। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী বিভিন্ন সেশন, কর্মশালা, প্রদর্শনী ও নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেন। এছাড়া ৭৩টি প্রতিষ্ঠানের স্টল, ১৮টি বিশ্ববিদ্যালয়ের ক্লাব এবং দেশি-বিদেশি তিনটি নলেজ পার্টনার এতে অংশগ্রহণ করে।
সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ইসলামিক ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে সাইবার নিরাপত্তা খাতে অবদানের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপমহাব্যবস্থাপক (ডোমেইন) জয়ীতা সেন রিম্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এছাড়া সাইবার নিরাপত্তা শিল্পে দীর্ঘদিনের নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ ফাইবার অ্যাট হোমের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) সুমন আহমেদ সাবিরকে ‘লাইফটাইম অনার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের সাইবার নিরাপত্তা খাতের উন্নয়ন ও বিকাশে তাঁর অবদানের প্রশংসা করেন।
উল্লেখ্য, গত ২৩ জুন শুরু হওয়া সামিটের প্রথম তিন দিনে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় আয়োজিত ‘প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’ কর্মশালা বিশেষভাবে অংশগ্রহণকারীদের আকর্ষণ করে। এছাড়া ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ‘মাস্টার অ্যাপ্লিকেশন সিকিউরিটি: ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং’ এবং ‘র্যানসামওয়্যার মেকানিক্স’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সামিটটি সফল করতে সহযোগিতা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন