সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওন
বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওন
বাংলালিংকের মূল কোম্পানি ভিওন (VEON) বাংলাদেশে নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ডিজিটাল ও আর্থিক বৈষম্য কমানো এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রাকে ত্বরান্বিত করতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
ভিওনের প্রতিনিধিদল বাংলাদেশে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক সেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে। প্রতিষ্ঠানটি তাদের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র বিমা সেবা পৌঁছে দিতে চায়।
বৈঠকে নাসডাকে তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের রূপরেখাও উপস্থাপন করে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নের প্রস্তাবিত এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১০০ কোটি মার্কিন ডলারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রধান বিনিয়োগকারী হিসেবে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রস্তাবিত বিনিয়োগের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত সংযোগ প্রযুক্তি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের কথাও জানিয়েছে ভিওন।
ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা বলেন, ‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদার হতে চাই। “ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ” উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বৃহৎ পরিসরের বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমরা সক্রিয় ভূমিকা রাখব।’
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল ও আর্থিক রূপান্তরের যাত্রায় সরকারের অংশীদার হিসেবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ধারাবাহিক বিনিয়োগ, উদ্ভাবন ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে ডিজিটাল ও আর্থিক সেবা পৌঁছে দিতে চাই।’
ভিওন ও বাংলালিংক ভবিষ্যতে ডিজিটাল ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, রাইড শেয়ারিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে বলে জানানো হয়েছে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন