রবিবার ● ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভুয়া এআই টুলের ছদ্মবেশে সাইবার হামলা পাঁচ গুণ বেড়েছে, ঝুঁকিতে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান: ক্যাসপারস্কি
ভুয়া এআই টুলের ছদ্মবেশে সাইবার হামলা পাঁচ গুণ বেড়েছে, ঝুঁকিতে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান: ক্যাসপারস্কি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জনপ্রিয়তা বৃদ্ধির সুযোগ নিয়ে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানকে (এসএমবি) লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শুরু থেকে ভুয়া এআই টুলের ছদ্মবেশে ম্যালওয়্যার ছড়ানোর ঘটনা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেড়েছে।
আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস উপলক্ষে প্রকাশিত এই প্রতিবেদনে উঠে এসেছে, সাইবার অপরাধীরা বর্তমানে ভুয়া এআই অ্যাপ্লিকেশন, মেসেজিং প্ল্যাটফর্ম এবং ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া এআই টুলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে চ্যাটজিপিটি (৪২ শতাংশ), ক্লড (২৪ শতাংশ) এবং ডিপসিকের (২০ শতাংশ) নাম। এসব ভুয়া সফটওয়্যারের মাধ্যমে মূলত ট্রোজান ধরনের ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে, যা ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি, অতিরিক্ত ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল এবং আক্রান্ত ডিভাইসের নিয়ন্ত্রণ গ্রহণে সক্ষম।
এছাড়া টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, জুম এবং মাইক্রোসফট টিমসের ভুয়া সংস্করণ ব্যবহার করেও সাইবার হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিশ^জুড়ে প্রায় ৪ লাখ ১৫ হাজার এ ধরনের হামলা প্রতিহত করা হয়েছে, যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার অপরাধীদের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়।
ক্যাসপারস্কির সিকিউরিটি বিশেষজ্ঞ ভাসিলি কোলেসনিকভ বলেন, সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন কৌশল উদ্ভাবন করছে। চলতি বছরের প্রথম চার মাসেই আমরা শত শত এমন হামলা শনাক্ত করেছি, যেখানে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এআই টুলের ভুয়া সংস্করণ ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা নিয়মিত এআই টুল ব্যবহার করছেন। তাই যেকোনো সফটওয়্যার ডাউনলোডের আগে ওয়েবসাইটের ঠিকানা ও লিংক সতর্কতার সঙ্গে যাচাই করা এবং নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা সমাধান ব্যবহার করা অত্যন্ত জরুরি।
ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটির প্রোডাক্ট ম্যানেজার রোডিয়ন পিয়ানভ বলেন, সাইবার অপরাধীরা মানুষের অসতর্কতাকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রতারণার কৌশল তৈরি করছে। তাই ছোট-বড় সব প্রতিষ্ঠানের কর্মীদের নিয়মিত সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। বিশেষ করে ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহজে ব্যবহারযোগ্য এবং কার্যকর নিরাপত্তা সমাধান বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।
সাইবার নিরাপত্তা জোরদার করতে ক্যাসপারস্কি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা সমাধান ব্যবহার, ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) সেবা গ্রহণ, করপোরেট অ্যাকাউন্টে কঠোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ।
বিশেষজ্ঞরা মনে করছেন, এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে ভুয়া সফটওয়্যার ও সামাজিক প্রকৌশল ভিত্তিক (সোশ্যাল ইঞ্জিনিয়ারিং) সাইবার হামলাও বাড়বে। ফলে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সাইবার নিরাপত্তায় বিনিয়োগ ও সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন